ভারতের বিপক্ষে হার: বাবর–শাহীন–শাদাবকে বাদ দেওয়ার দাবি শহীদ আফ্রিদির
কলম্বোতে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয়ের পর পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তনের দাবি তুলেছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি মনে করেন, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে সিনিয়র ক্রিকেটার বাবর আজম, শাহীন আফ্রিদি ও শাদাব খানকে একাদশের বাইরে রেখে তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া উচিত।
একটি টিভি আলোচনায় আফ্রিদি বলেন, সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকলে তিনি এই তিন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রামে রেখে নতুনদের আত্মবিশ্বাস বাড়ানোর দিকে মনোযোগ দিতেন। তার মতে, একই খেলোয়াড়দের বারবার সুযোগ দেওয়া হলেও বড় ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স না এলে বিকল্প চিন্তা করা প্রয়োজন।
ভারতের বিপক্ষে ম্যাচে ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজম মাত্র ৭ বলে ৫ রান করে আউট হন, যা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। অন্যদিকে বল হাতে শাহীন আফ্রিদি ছিলেন ব্যয়বহুল; মাত্র দুই ওভারে ৩১ রান দেন তিনি, যা ভারতের ইনিংসের শেষ দিকে রান তোলার গতি বাড়ায়।
অলরাউন্ডার শাদাব খানও ম্যাচে উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি। এক ওভারে ১৭ রান দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ধীরগতির ১৪ রান করেন তিনি।