কুড়িগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন
কুড়িগ্রামের নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। জেলা শহরের শাপলা চত্বর এলাকায় দলটির গুড়িয়ে দেওয়া কার্যালয়ের স্থানে ব্যানারটি ঝুলতে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, ব্যানারে লেখা ছিল “বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা কার্যালয়”। ওই সময়ে ব্যানার উত্তোলনের জন্য সেখানে ৫–৭ জন ব্যক্তি উপস্থিত ছিলেন এবং তারা জয় বাংলা সহ বিভিন্ন স্লোগান দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আবদুল আজিজ নাহিদ নিজ হাতে ব্যানারটি ছিড়ে ফেলে। এরপর দুপুরে আন্দোলন নেতাকর্মীরা উপস্থিত হয়ে গুড়িয়ে দেওয়া আওয়ামী লীগ কার্যালয় ঘিরে রাখা টিনের বেড়া ভেঙে দেয়।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার সময়, জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ লিখেছেন, “কুড়িগ্রামের মাটিতে আওয়ামী লীগের পতাকা উড়বেই।”
কুড়িগ্রাম সদর থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে তিনি অবগত নন।