শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশরমজান সামনে রেখে কাজিপুরে বাজার তদারকি শুরু, অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা

রমজান সামনে রেখে কাজিপুরে বাজার তদারকি শুরু, অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা

favicon
ভোরের আলো ডেস্ক:
রমজান সামনে রেখে কাজিপুরে বাজার তদারকি শুরু, অতিরিক্ত দাম নিলে ব্যবস্থা

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সিরাজগঞ্জের কাজিপুরে বাজার তদারকি কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।


সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সীমান্তবাজার, সোনামুখী আলমপুর ও লক্ষ্মীপুর বাজার পরিদর্শন করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, অতিরিক্ত দাম না নেওয়া এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার নির্দেশ দেন।


অভিযানের অংশ হিসেবে বাজার দখলমুক্ত করতে ফুটপাত ও বাজার এলাকায় গড়ে ওঠা কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি বাকি স্থাপনার মালিকদের দ্রুত নিজ দায়িত্বে সেগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় পরবর্তী অভিযানে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।


স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত বাজার তদারকি হলে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় থাকবে এবং রমজানের কেনাকাটায় স্বস্তি পাওয়া যাবে।


বাজার পরিদর্শন শেষে ইউএনও সাংবাদিকদের বলেন, রমজান মাসে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা নেওয়া কোনোভাবেই বরদাশত করা হবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় সাদা পোশাকে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে এবং অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।