ভাঙ্গায় বাবা-মার সঙ্গে ঝগড়ার পরে কিশোরীর বিষপান, মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক মনোমালিন্যের জেরে ১৬ বছরের স্কুলছাত্রী অপরূপা মন্ডল বিষপান করে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মা-বাবার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি জমিতে ব্যবহারের কীটনাশক পান করেন।
অপরূপা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামের বাবলু মন্ডলের কন্যা এবং আব্দুল্লাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। জানা গেছে, ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় একাধিক বিষয়ে তিনি ফেল করেছিলেন। পড়াশোনা ঠিকমতো না হওয়ায় তার মা-বাবার সঙ্গে প্রায়ই মনোমালিন্য হতো।
পরে পরিবারের লোকজন তাকে দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।
ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর খান জানান, নিহত অপরূপা মন্ডল বিষপান করে আত্মহত্যা করেছেন। তার বাবা কাঠমিস্ত্রির কাজ করেন এবং জমির দেখাশোনা করেন। পরিবারে দুই পুত্র ও এক কন্যা রয়েছে।