নারায়ণগঞ্জে ভুয়া র্যাব-ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ‘সোর্স বাবু’
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভুয়া র্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে সজীব ভূঁইয়া (৩৩) বা ‘সোর্স বাবু’কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারের আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পেন গান, দুই রাউন্ড গুলির খোসা এবং ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, সজীব বিভিন্ন সময়ে নিজেকে র্যাব-পুলিশের সোর্স বা ডিবি-র্যাব অফিসার হিসেবে পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ধরানোর হুমকিও দিত। এছাড়া ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে র্যাব ও পুলিশ সদস্যদের ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার সঙ্গে ১০-১২ জনের একটি দল কাজ করত।
নারায়ণগঞ্জ র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, বিষয়টি নজরে আসার পর গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।