শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশবিলবোর্ডমুক্ত চট্টগ্রাম গড়তে উচ্ছেদ অভিযান শুরু

বিলবোর্ডমুক্ত চট্টগ্রাম গড়তে উচ্ছেদ অভিযান শুরু

favicon
ভোরের আলো ডেস্ক:
বিলবোর্ডমুক্ত চট্টগ্রাম গড়তে উচ্ছেদ অভিযান শুরু

চট্টগ্রাম নগরীকে পরিকল্পিত, দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন মহানগর হিসেবে গড়ে তুলতে অবৈধ বিলবোর্ড ও অনুমোদনহীন বিজ্ঞাপন স্থাপনার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।


এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নগরীর কাজীর দেউরী এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট টিম, প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।


এর আগে সকালে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন চসিক মেয়র। তিনি জানান, নগরজুড়ে অনুমোদনহীন বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণে নিয়মিত অভিযান চালানো হবে এবং পর্যায়ক্রমে চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত নগরীতে পরিণত করা হবে।


অভিযানে দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই স্থাপিত বিভিন্ন আকারের বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব অবৈধ স্থাপনার কারণে সড়কের দৃশ্যমানতা বাধাগ্রস্ত হচ্ছিল, ট্রাফিক সিগন্যাল ও সাইনবোর্ড আড়াল হয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। উচ্ছেদের ফলে এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।


অভিযান পরিদর্শনকালে মেয়র বলেন, নগরীর সৌন্দর্য রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিলবোর্ড স্থাপন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


তিনি আরও জানান, সিটি করপোরেশনের নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই বিজ্ঞাপন স্থাপন করতে হবে; অন্যথায় নিয়মিত মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা অপসারণ অব্যাহত থাকবে।