শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশসন্দ্বীপে তারাবির আগে মুসল্লির ওপর হামলা, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা

সন্দ্বীপে তারাবির আগে মুসল্লির ওপর হামলা, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা

favicon
ভোরের আলো ডেস্ক:
সন্দ্বীপে তারাবির আগে মুসল্লির ওপর হামলা, পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা

সন্দ্বীপে তারাবির নামাজ শুরুর আগে জিহাদ নামে এক মুসল্লির ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাতে বাউরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জমির মাজির মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।


আহত মো. জিহাদকে বাউরিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি বলে দাবি করেছেন আলাউদ্দিন সিকদার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম জেলা আমির অভিযোগ করেন, এ ঘটনায় স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ছাত্রদলের কর্মীরা জড়িত।


স্থানীয় সূত্র জানায়, পবিত্র তারাবির নামাজ শুরুর সময় স্থানীয় জামাল নামের এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন যুবক মসজিদ প্রাঙ্গণ থেকে জিহাদকে জোর করে বাইরে নিয়ে যায় এবং মারধর করে। স্বজনদের দাবি, হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে তাকে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।


ঘটনার পর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের ও সদস্যসচিব আলমগীর হোসাইন ঠাকুর ঘটনাস্থল পরিদর্শন করেন। অ্যাডভোকেট আবু তাহের বলেন, হামলাকারীরা বিএনপি বা এর অঙ্গসংগঠনের কেউ নয়। তিনি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সন্দ্বীপ থানা পুলিশ জানিয়েছে, এখনো পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।