শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, পুড়ে ছাই আসবাব ও কাগজপত্র
বাগেরহাটের শরণখোলা উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ওয়ার্ড পর্যায়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয় পুড়ে গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতের দিকে হঠাৎ কার্যালয় থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। পরে এলাকাবাসী দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে তার আগেই কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র, দলীয় ব্যানার-ফেস্টুন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
খবর পেয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাটি জানার পর শরণখোলা থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামিনুল হক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।