টি–টোয়েন্টি বিশ্বকাপ: কলকাতা থেকে সরতে পারে প্রথম সেমিফাইনাল, নতুন শর্ত জানাল আইসিসি
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ভেন্যু নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, প্রথম সেমিফাইনাল শুধুমাত্র কলকাতায় হবে— এমন সিদ্ধান্ত আর চূড়ান্ত থাকছে না। পরিস্থিতি অনুযায়ী ম্যাচটি কলম্বোতেও সরিয়ে নেওয়া হতে পারে।
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রচারকারী সংস্থাকে আইসিসি একটি চিঠি পাঠিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রথম সেমিফাইনালের ভেন্যু কলকাতা অথবা কলম্বোর মধ্যে নির্ধারিত হবে এবং তা অংশগ্রহণকারী দলের ওপর নির্ভর করবে।
আগে সিদ্ধান্ত ছিল, পাকিস্তান সেমিফাইনালে উঠলে ম্যাচটি কলম্বোতে হবে, আর পাকিস্তান না উঠলে কলকাতার ইডেন গার্ডেন্সেই আয়োজন করা হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শ্রীলঙ্কাও এখন এই সমীকরণে যুক্ত হয়েছে। শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠে যদি ভারতের বিপক্ষে না খেলে, সেক্ষেত্রেও ম্যাচটি কলম্বোতে সরিয়ে নেওয়া হবে।
অর্থাৎ পাকিস্তান বা শ্রীলঙ্কা— যেকোনো একটি দল সেমিফাইনালে উঠলেই কলকাতা থেকে ম্যাচ সরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই দুই দলের কেউ সেমিফাইনালে না উঠলে প্রথম সেমিফাইনাল ইডেন গার্ডেন্সেই অনুষ্ঠিত হবে।
আগেই নির্ধারিত ছিল, পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। শ্রীলঙ্কা সহ-আয়োজক হওয়ায় তাদের সমর্থকদের কথা বিবেচনা করেই আইসিসি এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে ভারতের সেমিফাইনাল ভেন্যুও এখনও চূড়ান্ত নয়। ভারত যদি পাকিস্তানের মুখোমুখি হয়, তাহলে ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে। পাকিস্তান ছাড়া অন্য কোনো দলের বিপক্ষে খেললে ভারতের ম্যাচ হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
তবে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা— এই তিন দলের কেউ সেমিফাইনালে না উঠলে প্রথম সেমিফাইনাল কলকাতা এবং দ্বিতীয় সেমিফাইনাল মুম্বাইয়ে আয়োজন করা হবে।