শ্রীলঙ্কা নারী দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স
শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স। আজ এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ সফরের মাধ্যমেই শ্রীলঙ্কা নারী দলের সঙ্গে সিডন্সের দায়িত্ব পালন শুরু হবে। আগামী এপ্রিল–মে মাসে শ্রীলঙ্কা নারী দল বাংলাদেশ সফর করবে।
এরপর ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী বিশ ওভারের বিশ্বকাপে অংশ নেবে লঙ্কানরা। শ্রীলঙ্কা নারী দলের সঙ্গে সিডন্সের চুক্তির মেয়াদ এক বছর।
অস্ট্রেলিয়ার এই কোচ ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমদের ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
পরবর্তীতে আবারও বাংলাদেশের ক্রিকেটে কাজ করেন সিডন্স। তিনি জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বয়সভিত্তিক দল নিয়েও কাজ করেছেন।
এ ছাড়া অস্ট্রেলিয়ার দক্ষিণ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ওয়েলিংটন ফায়ারবার্ডস দলের প্রধান কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
খেলোয়াড়ি জীবনে সিডন্স প্রথম শ্রেণির ক্রিকেটে দক্ষিণ অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়া দলের হয়ে অধিনায়কত্ব করেছেন। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে তিনি একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ১৬০টি এবং লিস্ট ‘এ’ ধরনের ম্যাচে ৭০টি ম্যাচ খেলেছেন।