ম্যানসফিল্ডকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে আর্সেনাল
ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাব ম্যানসফিল্ড টাউন কে ২-১ গোলে হারিয়ে আর্সেনাল উঠেছে এফএ কাপ এর কোয়ার্টার ফাইনালে। শনিবারের ম্যাচে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক গোলে জয়ের পথ তৈরি করেন এবেরেচি এজে।
ম্যাচে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা একাধিক পরিবর্তন এনে দল সাজান। একাদশে সুযোগ পান কিশোর ফুটবলার ম্যাক্স ডাওম্যান ও মার্লি স্যামন। এর মাধ্যমে যেকোনো প্রতিযোগিতায় ১৬ বছর বা তার কম বয়সী দুই খেলোয়াড়কে একসঙ্গে একাদশে নামানো প্রথম প্রিমিয়ার লিগ দল হিসেবে ইতিহাস গড়ে আর্সেনাল।
ঘরের মাঠ ফিল্ড মিল স্টেডিয়ামে দর্শকদের সমর্থনে শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ম্যানসফিল্ড। কয়েকটি সুযোগ তৈরি করে তারা আর্সেনালের রক্ষণভাগকে চাপে রাখে। তবে প্রথম গোলটি পায় লন্ডনের ক্লাবই। বক্সের বাইরে থেকে দারুণ কার্লিং শটে গোল করে দলকে এগিয়ে দেন ননি মাদুয়েকে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আর্সেনালের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করে সমতা ফেরান ম্যানসফিল্ডের বদলি খেলোয়াড় উইল ইভান্স।
তবে ম্যাচের মাঝামাঝি সময়ে বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে গোল করে আবার আর্সেনালকে এগিয়ে দেন এবেরেচি এজে। তার সেই গোলই শেষ পর্যন্ত জয়ের ব্যবধান গড়ে দেয়। ফলে ২-১ ব্যবধানে জয় পেয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্সেনাল।