শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশমধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি তেল পাচার ঠেকাতে টেকনাফ সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি তেল পাচার ঠেকাতে টেকনাফ সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

favicon
ভোরের আলো ডেস্ক:
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি তেল পাচার ঠেকাতে টেকনাফ সীমান্তে বিজিবির নজরদারি জোরদার

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে অস্থিরতা দেখা দেওয়ায় টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারে জ্বালানি তেল পাচারের আশঙ্কা তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে নাফ নদী ও স্থলপথে টহল জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ায় টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট এলাকায় নাফ নদীতে বিজিবির নৌ-টহল কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এতে সীমান্ত পথে অবৈধভাবে তেল পাচারের আশঙ্কা থাকায় টেকনাফ সীমান্তজুড়ে বিজিবি সতর্কতা বাড়িয়েছে।

এ লক্ষ্যে স্থলপথের বিভিন্ন চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়েছে এবং নাফ নদীতে নৌ-টহল বৃদ্ধি করা হয়েছে। সন্দেহজনক ব্যক্তি, যানবাহন ও নৌযানের ওপরও কড়া নজরদারি রাখা হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য পাচারপথগুলো চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, বিদ্যমান চেকপোস্টের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। সীমান্ত এলাকায় টহল বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে কোনোভাবেই জ্বালানি তেল পাচার বা অবৈধ পরিবহন ঘটতে না পারে।

সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মুবাশশির নাকীব তরফদার, নৌ-প্লাটুন কমান্ডার (নেভি) লেফটেন্যান্ট ফুয়াদ রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।