মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা, পরে বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমগীর হাওলাদার (৫০) নামের এক ব্যক্তিকে হত্যার জেরে প্রতিপক্ষের বসতঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে একই দিন সকাল ৭টার দিকে আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। হামলার সময় তার ডান হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা গেছে। এ সময় হামলাকারীরা তার ঘরবাড়িতেও ভাঙচুর ও লুটপাট চালায়।
নিহত আলমগীর হাওলাদার মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকার মৃত হাফেজ হাওলাদারের ছেলে। তিনি পেশায় ডিশ ও ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন। তবে সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুনশি হত্যাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আলমগীর হাওলাদারকে হত্যার পর প্রতিপক্ষ হাসান মুনশিসহ তার সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ সুযোগে একটি পক্ষ রাস্তাঘাট অবরোধ করে প্রতিপক্ষ সমর্থিত কয়েকটি বাড়িঘরে হামলা চালায়।
তিনি জানান, হামলাকারীরা কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে পাঁচ থেকে ছয়টি বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় উত্তেজনা এড়াতে যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে।