মোংলায় কোস্ট গার্ড সদস্যের আত্মহত্যা, মৃত্যু সালেহ আহমেদের
বাগেরহাটের মোংলায় দায়িত্ব পালনের সময় কোস্ট গার্ড সদস্য সালেহ আহমেদ (৪২) আত্মহত্যা করেছেন। বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে মোংলার কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ড রুমে নিজের কাছে থাকা অস্ত্র বুকে ঠেকিয়ে গুলি করেন তিনি।
গুলির শব্দ শুনে আশপাশের কোস্ট গার্ড সদস্য ও কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনার উপশম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হবে, যেখানে ডাক্তারি মৃত্যু সনদ সংগ্রহের পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সালেহ আহমেদ নিজ হাতে থাকা অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।