এক কোটি ৬৪ লাখ টাকায় ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্টে দল পেলেন মোস্তাফিজুর রহমান
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের দক্ষতার পরিচয় দিলেও ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট দ্য হানড্রেড-এ আগে কখনো খেলার সুযোগ পাননি। তবে এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আসন্ন আসরের নিলামে তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।
বৃহস্পতিবার (১২ মার্চ) লন্ডনে অনুষ্ঠিত নিলামের তৃতীয় ও শেষ ধাপে মোস্তাফিজুর রহমানের নাম ওঠে। তাকে দলে নিতে আগ্রহ দেখায় কেবল বার্মিংহাম ফিনিক্স। অন্য কোনো দল আগ্রহ না দেখানোয় এক লাখ পাউন্ড অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৬৪ লাখ টাকায় তাকে দলে ভেড়ায় দলটি।
এবারের আসরের নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন-এর নামও ছিল। তবে তাকে দলে নিতে কোনো দল আগ্রহ দেখায়নি।