হবিগঞ্জে ধানের তুষের মধ্যে লুকানো ভারতীয় কসমেটিকস জব্দ, মূল্য প্রায় ১.৫ কোটি টাকা
হবিগঞ্জে অভিনব কায়দায় পাচারকালে ট্রাকভর্তি ধানের তুষের বস্তার মধ্যে লুকানো প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করেছে বিজিবি। এসময় বস্তার ভেতর থেকে একটি সিমকার্ড-সাপোর্টেড গাড়ি ট্র্যাকিং ডিভাইসও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) গভীর রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এই বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তারা মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় কৌশলগত অবস্থান নেন। রাত আনুমানিক ৩টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়।
পরিদর্শনে দেখা যায়, ট্রাকের বস্তার মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকানো ছিল বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস। পাশাপাশি একটি সিমকার্ড-সাপোর্টেড গাড়ি ট্র্যাকিং ডিভাইসও উদ্ধার করা হয়। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
একই দিনে হবিগঞ্জ ৫৫ বিজিবির রাজেন্দ্রপুর বিওপির টহলদল মাধবপুরের রামনগর এলাকা থেকে ৫৬ কেজি ভারতীয় কাঁচা মরিচ জব্দ করে, যার আনুমানিক মূল্য ৫ হাজার ৬০০ টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত সব মালামালের মূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা। অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানিয়েছেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।