কারাবন্দি আওয়ামী লীগ নেতা শাহনূর আলম শান্তর মৃত্যু
বগুড়া থেকে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতা শাহনূর আলম শান্ত (৫৫) কারাবন্দি অবস্থায় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তার মৃত্যু হয়।
বগুড়া জেলা কারাগারের জেলার নুরুল মুবীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বগুড়া সদরের একটি বিস্ফোরক মামলায় গত ৪ জানুয়ারি শাহনূর আলম শান্তকে কারাগারে পাঠানো হয়। পরে ১৭ জানুয়ারি তাকে বগুড়া থেকে ঢাকার কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
এর আগে বগুড়া কারাগারে থাকা আরও পাঁচ আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তারা হলেন— গাবতলীর দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ওরফে ভুট্টু (৫২), গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল মতিন মিঠু (৬৫), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু (৫৭), শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুল লতিফ (৬৭) এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন (৫৮)।
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার তায়েবা জানান, শাহনূর আলম শান্ত অসুস্থ হয়ে পড়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল।