শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশনদী দখলকারীরা জোচ্চোর ও দুষ্কৃতকারী: কৃষিমন্ত্রী

নদী দখলকারীরা জোচ্চোর ও দুষ্কৃতকারী: কৃষিমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
নদী দখলকারীরা জোচ্চোর ও দুষ্কৃতকারী: কৃষিমন্ত্রী

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ বলেছেন, যারা নদী ও খাল দখল করেছে তারা জোচ্চোর ও দুষ্কৃতকারী। নদী ও খাল দখলকারীদের দ্রুত সেগুলো ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার শাসনপাড়া–দোশারীচোঁ এলাকা থেকে ডাকাতিয়া নদীর একটি শাখা খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচনের আগে অনেকেই নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু পরে তা বাস্তবায়ন করেন না। তবে জাতীয়তাবাদী দল বিএনপি প্রমাণ করেছে যে তারা কথার সঙ্গে কাজের মিল রাখে। তিনি জানান, নির্বাচনের পরপরই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে এবং পহেলা বৈশাখ বা তার আগেই কৃষি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, দলের চেয়ারপারসন নির্বাচনের আগে খাল খননের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার ইতোমধ্যে তা বাস্তবায়ন শুরু করেছে। একই সঙ্গে কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে।

আমিন উর রশিদ বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হলে দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হবে।

ডাকাতিয়া নদী ভরাট করে অনেক স্থানে বাড়িঘর নির্মাণ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, নদী দখলমুক্ত করে পুনরুদ্ধার করা হবে।

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, বিএডিসির চেয়ারম্যান আজিজুল ইসলাম এবং কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদুল হক। স্বাগত বক্তব্য দেন বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জাহাঙ্গীর আলম সরকার।