পুঠিয়ায় অবৈধ পেট্রল মজুদ: ‘সততা ট্রেডার্স’কে জরিমানা, তেল জব্দ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পেট্রল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ‘সততা ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০ মার্চ) উপজেলার মোল্লাপাড়া বাজারে অভিযান পরিচালনা করেন শিবু দাস সুমিত, যিনি পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। অভিযানে প্রায় ২৫০০ লিটারের বেশি পেট্রল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জব্দ করা পেট্রল তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হয়, যাতে কৃত্রিম সংকট না তৈরি হয় এবং ভোক্তারা ন্যায্যমূল্যে জ্বালানি পেতে পারেন।
এ ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
অভিযান শেষে শিবু দাস সুমিত বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন এবং সাধারণ মানুষকে বেশি দামে কিনতে বাধ্য করছেন। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ মজুদ বা অতিরিক্ত দামে বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।