অপরাধ ও দুর্নীতি থেকে দূরে থাকলেই গড়া যাবে সুন্দর সমাজ: হাসনাত আব্দুল্লাহ
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সামাজিকভাবে অপরাধ ও দুর্নীতি থেকে দূরে থাকতে পারলে একটি সমৃদ্ধ ও সুন্দর সমাজ গড়া সম্ভব।
শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে নিজ গ্রাম গোপালনগর ঈদগাহ মাঠে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রমজান মাসে যে আত্মসংযমের শিক্ষা নেওয়া হয়েছে, তা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে—সামাজিক, জাতীয় ও রাজনৈতিক জীবনে—প্রয়োগ করা যায়।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, পুরো রমজানজুড়ে মানুষ যেভাবে অপরাধ ও অনৈতিক কাজ থেকে বিরত থেকেছে, সেই চর্চা যেন সারা বছর বজায় থাকে।
এ সময় তিনি এলাকাবাসীর সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনা করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন সবাই এই আত্মসংযমকে জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করতে পারে।