কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত বহু
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
শনিবার (২১ মার্চ) রাত ২টা ৫৫ মিনিটে পদুয়ারবাজার লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তারা সবাই বাসের যাত্রী। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রেলওয়ে ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। নিহতদের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রেলওয়ে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বাসটি লেভেল ক্রসিং অতিক্রম করার সময় রেললাইনে উঠে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত নার্স মো. বোরহান উদ্দিন জানান, হাসপাতালে ১২ জনের মরদেহ রাখা হয়েছে। এছাড়া ৪ জন আহত ভর্তি রয়েছেন এবং প্রায় ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
আহত যাত্রী ওমর ফারুক জানান, তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করার পর দেখেন বাসটি দুমড়ে-মুচড়ে গেছে।