মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য: স্বাস্থ্যসচিব
দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী।
রোববার (২২ মার্চ) দুপুরে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন এবং ইতোমধ্যে এ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। স্বাস্থ্যসেবা এখন আর শুধু শহরকেন্দ্রিক নয়, বরং গ্রাম পর্যায়েও আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার।
মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী বলেন, দেশের প্রতিটি মানুষ যেন আর্থিক ও ভৌগোলিক প্রতিবন্ধকতা ছাড়াই চিকিৎসা পেতে পারে, সেটিই সরকারের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বাস্থ্য খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। নতুন হাসপাতাল নির্মাণ, পুরোনো হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং চিকিৎসক ও নার্স নিয়োগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।
পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা এবং জনবল সংকটসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয় বলে জানান তিনি।