সুন্দরবনে অভিযান, অস্ত্র–গুলিসহ ডাকাত বাহিনীর সদস্য আটক
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ডাকাত ছোট সুমন বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। আটক ব্যক্তির নাম ইয়াছিন শেখ (৪০)।
রবিবার (২২ মার্চ) বিকেলে বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনের ফেলুরখণ্ড–বৈদ্যমারী এলাকায় ছোট সুমন বাহিনীর একজন সদস্যের অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালানো হয়।
পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দিবাগত রাত ১টার দিকে ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনালা বন্দুক, চার রাউন্ড তাজা গুলি ও চার রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ইয়াছিন শেখ দীর্ঘদিন ধরে ওই ডাকাত বাহিনীর সঙ্গে যুক্ত থেকে অস্ত্র ও রসদ সরবরাহে সহযোগিতা করছিলেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।