ঢাকার শাহজাদপুরে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
রাজধানীর শাহজাদপুর এলাকায় ভাড়া বাসার ছাদ থেকে পড়ে বন্যা কস্তা নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বন্যা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের সুশান্ত কস্তার মেয়ে এবং একই ইউনিয়নের বোর্ণী টুনিপাড়ার শোভন পালমার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, বন্যা তার স্বামীর সঙ্গে শাহজাদপুরের একটি ভাড়া বাসার তৃতীয় তলায় বসবাস করতেন। তারা নিঃসন্তান দম্পতি ছিলেন।
নিহতের ফুফু লাভলী কস্তা জানান, ভোরে ঘরের পোষা বিড়ালটিকে খুঁজে না পেয়ে বন্যা ছাদে যান। সেখানে বিড়ালটিকে ঝুঁকিপূর্ণ স্থানে দেখে সেটিকে নামানোর চেষ্টা করলে হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান তিনি।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।