খুলনায় তেল সংকট, পাম্পে দীর্ঘ সারি ও ভোগান্তি
খুলনা মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। পেট্রল পাম্পগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি, আর অধিকাংশ পাম্পেই ঝুলছে ‘তেল নেই’ লেখা।
যেসব পাম্পে অল্প পরিমাণ তেল পাওয়া যাচ্ছে, সেগুলোও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক পাম্পে বাঁশের ব্যারিকেড দিয়ে প্রবেশ সীমিত করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সীমিত সরবরাহের কারণে মোটরসাইকেলে সর্বোচ্চ ২ লিটার এবং প্রাইভেটকারে ১০ লিটার করে তেল দেওয়া হলেও চাহিদা সামাল দেওয়া যাচ্ছে না।
নগরীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে, চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ঈদের আগ থেকে শুরু হওয়া এই সংকট এখনো কাটেনি।
নিউ মার্কেট এলাকার একটি ফিলিং স্টেশনে সোমবার সন্ধ্যায় শতাধিক মোটরসাইকেলচালক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন। পাশাপাশি প্রাইভেটকার, মাইক্রোবাসসহ অন্তত ১৫টি যানবাহন অপেক্ষায় ছিল।
একজন চালক জানান, প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করে তিনি মাত্র ১০ লিটার অকটেন সংগ্রহ করতে পেরেছেন। এ সময় আশপাশের এলাকায় যানজটও সৃষ্টি হয়।
অন্যদিকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল সংলগ্ন পাম্পগুলোতেও একই চিত্র দেখা গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত মোটরসাইকেলের দীর্ঘ সারি ছিল।
ভুক্তভোগীরা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।