শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমসারা দেশজমি কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর, গাইবান্ধায় ভাইরাল ভিডিও

জমি কম পাওয়ার ক্ষোভে বাবার কবর ভাঙচুর, গাইবান্ধায় ভাইরাল ভিডিও

favicon
ভোরের আলো ডেস্ক:

গাইবান্ধা জেলার সদর উপজেলার আনালেরতাড়ি গ্রামে জমির অংশ কম পাওয়ার অভিযোগে বাবার কবর ভাঙচুর করেছেন এক ছেলে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার ৪৮ সেকেন্ডের একটি ভিডিও সন্ধ্যায় ফেসবুক-এ ছড়িয়ে পড়ে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

ভিডিওতে দেখা যায়, কবরটি বাঁশের খুঁটি ও প্লাস্টিকের জাল দিয়ে ঘেরা ছিল। কালো প্যান্ট ও ফুলহাতা গেঞ্জি পরা এক যুবক লাঠি ও লাথি দিয়ে কবরের বেড়া ভাঙচুর করছেন। এ সময় তাকে গালিগালাজ করতেও শোনা যায়। কবরের চারপাশ তছনছ করার পর তিনি শান্ত হন।

এলাকাবাসী জানান, আনালেরতাড়ি গ্রামের আবদুল মান্নান মৃত্যুর আগে তার পাঁচ ছেলের মধ্যে চার বিঘা জমি বণ্টন করে দেন। এতে দ্বিতীয় ছেলে বেশি জমি পেয়েছেন এবং ছোট ছেলে শাহ আলম কম জমি পেয়েছেন—এ অভিযোগ থেকেই ক্ষোভের সৃষ্টি হয়।

পরে ক্ষুব্ধ হয়ে শাহ আলম বাবার কবরে ভাঙচুর চালান। জানা যায়, দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার জমিতে ওই কবরটি দেওয়া হয়েছিল।

এ বিষয়ে শাহ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খোলাহাটি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল হাই বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। তিনি এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন।

খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হাক্কানীও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।