শনিবার , ১১ এপ্রিল ২০২৬
শনিবার , ১১ এপ্রিল ২০২৬
হোমসারা দেশগৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, চালকের বুদ্ধিতে বড় দুর্ঘটনা এড়ানো

গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, চালকের বুদ্ধিতে বড় দুর্ঘটনা এড়ানো

favicon
ভোরের আলো ডেস্ক:
গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, চালকের বুদ্ধিতে বড় দুর্ঘটনা এড়ানো

বরিশালের গৌরনদীতে একটি ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকা তেলবাহী লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে চালকের তাৎক্ষণিক সিদ্ধান্তে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নাহার সিনেমা হলসংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সূত্র জানায়, পদ্মা ডিপো থেকে পেট্রলবোঝাই একটি লরি তেল সরবরাহের জন্য স্টেশনে প্রবেশ করে। অবস্থানকালে হঠাৎ লরিটিতে আগুন ধরে যায়, এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় চালক ঝুঁকি নিয়ে দ্রুত জ্বলন্ত লরিটি স্টেশন এলাকা থেকে সরিয়ে গৌরনদী-আগৈলঝাড়া সড়কের মাঝামাঝি স্থানে নিয়ে যান। ফলে আগুন স্টেশনের মূল তেলের ট্যাংকে ছড়িয়ে পড়তে পারেনি এবং সম্ভাব্য বড় বিস্ফোরণ এড়ানো যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, চালকের উপস্থিত বুদ্ধির কারণে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।