রূপালী ব্যাংকের অর্থ আত্মসাৎ: সাবেক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড
নোয়াখালীতে রূপালী ব্যাংক-এর ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার টাকা আত্মসাতের দায়ে বেলায়েত হোসেন নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালী বিশেষ জজ আদালত-এর বিচারক শওকত আলী এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
দুদক কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, বেলায়েত হোসেন ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে বিভিন্ন উপায়ে ৩ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন করেন এবং পরে তা আত্মসাৎ করেন।
ঘটনার পর ব্যাংক কর্তৃপক্ষ বাদী হয়ে ২০১৬ সালের ৪ মে সোনাইমুড়ী থানা-এ একটি মামলা দায়ের করে।