দুর্নীতি প্রশ্রয় পেলে সংসদে মারামারি শুরু হবে: পানিসম্পদমন্ত্রী এ্যানি
সরকারি ও বিরোধী দল যদি অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দেয়, তাহলে সংসদে অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইছেরদাড়ি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, “সরকারি দল ও বিরোধী দল যদি অন্যায়কে সমর্থন করে, তাহলে সংসদে মারামারি শুরু হয়ে যাবে। তাই মাঠ পর্যায় থেকে সবাইকে সজাগ থাকতে হবে। প্রতিটি বক্তব্য, কাজ ও আচরণে স্বচ্ছতা বজায় রাখতে হবে।”
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় থাকা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। বর্তমানে সংসদে বিরোধী দল তাদের মতামত তুলে ধরছে এবং সরকারি দল তার জবাব দিচ্ছে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
পানিসম্পদমন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থানে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে এবং এ সংক্রান্ত টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।