হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, আটক ৪
হাতিয়া উপজেলার নলচিরা ঘাটসংলগ্ন মেঘনা নদী-তে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।
শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা মোট ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল এবং ২ হাজার ১৫ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
এ সময় জ্বালানি পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌযানও জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট চারজনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত জ্বালানি ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানা-য় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধ এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।