দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু, আহত ৩
কুমিল্লার দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় মা ও তার শিশুপুত্র নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বারেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাংগরা এলাকার গাজীরহাট গ্রামের রওশন আরা (৩২) ও তার ছেলে ইয়ামিন (৬)।
পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশায় থাকা যাত্রীরা সবাই একই পরিবারের সদস্য ছিলেন। তারা কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে মুরাদনগরের বাংগরা যাচ্ছিলেন। পথে বারেরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই রওশন আরার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তার ছেলে ইয়ামিনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরপুর হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতারুজ্জামান জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।