নোয়াখালীতে অবৈধ ডিজেল মজুতের অভিযোগে চারজন আটক, জব্দ ১৪০০ লিটার জ্বালানি
নোয়াখালী সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের অভিযানে অবৈধভাবে মজুত করা ১৪০০ লিটার ডিজেল ও একটি পণ্যবাহী গাড়িসহ চারজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনউদ্দিন। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. রাশেদ, মো. নাছির উদ্দিন, মো. শিহাব উদ্দিন ও মো. মাকসুদ। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের একটি তেলের দোকানে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুত করা হয়েছিল। রাত পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে অবৈধ জ্বালানি মজুত ও বিক্রির অভিযোগে চারজনকে আটক করা হয়।
অভিযানকালে ১৪০০ লিটার ডিজেল এবং একটি লাল রঙের পণ্যবাহী গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।