তারাকান্দায় বিএনপির দুই গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারি
ময়মনসিংহের তারাকান্দায় বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জেরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। একই স্থানে পৃথক কর্মসূচি ঘোষণার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। উপজেলা প্রশাসন মাইকিং করে বিষয়টি জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখে তারাকান্দা সরকারি কলেজ রোড এলাকায় ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ ও বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে যুবদল নেতা রিয়াদ আহত হন।
এ ঘটনার প্রতিবাদে উভয় পক্ষ একই সময়ে পৃথক কর্মসূচি ঘোষণা করলে ফের সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়।
পুলিশ জানিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যে কোনো সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, ১৪৪ ধারা চলাকালে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে। নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।