সোমবার , ২০ এপ্রিল ২০২৬
সোমবার , ২০ এপ্রিল ২০২৬
হোমসারা দেশমেহেরপুরে বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ায় চিকিৎসাধীন

মেহেরপুরে বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ায় চিকিৎসাধীন

favicon
ভোরের আলো ডেস্ক:
মেহেরপুরে বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ায় চিকিৎসাধীন

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটিতে বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে ক্থুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় এলাকায় এ ঘটনা ঘটে।


মুকুল হোসেন (৫২) সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সাহারবাটি গ্রামের নেক মহাম্মদের ছেলে।


স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বুকে ও পিঠে পাঁচটি গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।


স্থানীয় সূত্র জানায়, এর আগেও দুই দফায় মুকুল হোসেনের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছিল।


ঘটনার পর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেখান থেকে গুলির চারটি খোসা উদ্ধার করা হয়েছে।