রাজধানীতে জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
রাজধানীতে জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অফিস শেষে ক্যানসার হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে পুরাতন ব্রাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন ব্যক্তি তার ওপর হামলা চালায়।
এ সময় হামলাকারীরা ডা. আহমেদ হোসেনের ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে জাতীয় ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার পর হামলাকারীদের শনাক্ত ও ঘটনার কারণ উদঘাটনে সংশ্লিষ্টরা তদন্ত শুরু করেছে।