নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনের গলা কাটা লাশ উদ্ধার
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), তাদের ছেলে পারভেজ (৯) এবং তিন বছর বয়সী কন্যা সাদিয়া আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর বাড়ির দরজা খোলা দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা ঘরে ঢুকে চারজনের গলা কাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
নিহত পপির বাবা মোয়াজ্জেম হোসেন হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবি জানিয়েছেন।