খাগড়াছড়িতে পাহাড় কাটার সময় ৩ জন আটক, অভিযান চালিয়ে ব্যবস্থা নিল সেনাবাহিনী
খাগড়াছড়ি জেলায় অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে জেলা সদরের রোয়াশা পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে জিরো মাইল আর্মি ক্যাম্পের একটি টহলদল নিয়মিত দায়িত্ব পালনের সময় রোয়াশা পাড়া এলাকায় সন্দেহজনক তৎপরতা দেখতে পায়। পরে সেখানে অভিযান চালিয়ে পাহাড় কাটার কাজে জড়িত একটি দলকে আটক করা হয়।
ঘটনার পর বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক তিন ব্যক্তি এবং ঘটনাস্থলে ব্যবহৃত একটি যানবাহন আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
সেনা সূত্র আরও জানায়, খাগড়াছড়ি অঞ্চলে অবৈধ পাহাড় কাটা প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।