বুধবার , ২২ এপ্রিল ২০২৬
বুধবার , ২২ এপ্রিল ২০২৬
হোমসারা দেশযুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আলোচনার সম্ভাবনায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করায় মঙ্গলবার তেলের বাজারে দরপতন দেখা যায়।

বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা ০.৬ শতাংশ কমে ৯৪.৯৪ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) মে মাসের দর ব্যারেলপ্রতি ১.১১ ডলার বা ১.২ শতাংশ কমে ৮৮.৫০ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে সোমবার সম্ভাব্য আলোচনা নিয়ে অনিশ্চয়তায় তেলের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে গিয়েছিল।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হতে পারে—এমন প্রত্যাশায় বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে।

এদিকে তেলের দামের পতনের পাশাপাশি এশিয়ার শেয়ারবাজারেও কিছুটা চাঙ্গাভাব ফিরেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কা তৈরি হয়েছিল।

তবে সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে নতুন আশাবাদ সেই উদ্বেগ কিছুটা কমাতে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।