পাবনা জেনারেল হাসপাতালের ম্যানহোল থেকে মানুষের কঙ্কাল উদ্ধার
পাবনার আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালের একটি ম্যানহোল থেকে মানুষের কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের পেছনের একটি ম্যানহোল থেকে এসব কঙ্কাল উদ্ধার করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, কয়েকজন ব্যক্তি প্রথমে ম্যানহোলের ভেতরে অস্বাভাবিক কিছু দেখতে পেয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে কঙ্কালের অংশগুলো উদ্ধার করা হয়।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সাহা বলেন, উদ্ধার হওয়া অংশগুলোর মধ্যে মাথার খুলি, বুকের খাঁচাসহ শরীরের কিছু অংশ রয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অনেক দিন আগের মরদেহ, যা পচে কঙ্কালে পরিণত হয়েছে। তবে এটি পুরুষ না নারী, বয়স কত, কিংবা মৃত্যুর সময়কাল—এসব বিষয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।