বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
হোমসারা দেশদেশে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে, ২৭ জেলায় তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে, ২৭ জেলায় তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

favicon
সাইফুল আলম মিরাজ
দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে, ২৭ জেলায় তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

চলতি বছর প্রথমবারের মতো দেশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। গতকাল রাজশাহীতে এ তাপমাত্রা রেকর্ড করা হয়, যা এ বছরের সর্বোচ্চ। একই সঙ্গে দেশের ২৭টি জেলায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে, ফলে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।

প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। হিট স্ট্রোকসহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। গতকাল রাজধানী ঢাকাতেও তাপপ্রবাহ বয়ে যায়, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহীর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগের বাকি অংশসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বিরাজ করছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, গতকাল দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সিরাজগঞ্জে ৩৭ দশমিক ৮, কুষ্টিয়ায় ৩৭ দশমিক ৩ এবং দিনাজপুর ও চুয়াডাঙ্গায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, আজ ও আগামীকাল তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে ২৫ জুলাই থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে। এছাড়া ২৭ জুলাই সন্ধ্যা থেকে পরবর্তী পাঁচ দিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যা তাপমাত্রা কমাতে সহায়ক হতে পারে।