শনিবার , ২৫ এপ্রিল ২০২৬
শনিবার , ২৫ এপ্রিল ২০২৬
হোমসারা দেশনেত্রকোনায় ফিলিং স্টেশনে হামলা: বিএনপির বিরুদ্ধে এমপির অভিযোগ, অস্বীকার দলটির

নেত্রকোনায় ফিলিং স্টেশনে হামলা: বিএনপির বিরুদ্ধে এমপির অভিযোগ, অস্বীকার দলটির

favicon
ভোরের আলো ডেস্ক:
নেত্রকোনায় ফিলিং স্টেশনে হামলা: বিএনপির বিরুদ্ধে এমপির অভিযোগ, অস্বীকার দলটির

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা ফিলিং স্টেশনে হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, এটি একটি পরিকল্পিত হামলা এবং তাকে হত্যার উদ্দেশ্যেই দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হয়।

শুক্রবার সন্ধ্যায় ব্যক্তিগত গাড়িতে করে একটি ফিলিং স্টেশনে গেলে মাগরিবের নামাজের সময় পাশের মসজিদে অবস্থান করছিলেন এমপি। এ সময় ১৫–২০টি মোটরসাইকেলে আসা একদল যুবক অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার গাড়ি ভাঙচুর করে এবং মসজিদের ভেতরে ঢুকে আক্রমণের চেষ্টা করে।

এমপি জানান, মুসল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দিলে তিনি প্রাণে রক্ষা পান। পরে মসজিদের ভেতর থেকেই তিনি পুলিশ সুপার ও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান। দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, এলাকায় অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে আগে থেকেই উসকানিমূলক স্লোগান দিয়ে মিছিল করা হচ্ছিল। এ ঘটনাকে সংসদ সদস্যের মর্যাদার ওপর আঘাত উল্লেখ করে তিনি আগামী সংসদ অধিবেশনে বিষয়টি উত্থাপনের কথা জানিয়েছেন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার। তিনি বলেন, বিএনপির কোনো নেতাকর্মী এ ঘটনায় জড়িত নয়। পাম্প বন্ধ থাকাকে কেন্দ্র করে এমপির লোকজনের সঙ্গে কর্মচারীদের বাকবিতণ্ডা থেকে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম জানান, তেল নেওয়াকে কেন্দ্র করে একদল যুবক এমপির গাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এমপিকে উদ্ধার করে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।