খাগড়াছড়ির পানছড়িতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪
পানছড়ি উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলা সদরের জিয়া স্কোয়ার ও মোল্লাপাড়া ব্রিজ এলাকায় দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
জামায়াতের জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান অভিযোগ করেন, দুপুরে জিয়া স্কোয়ার এলাকায় অতর্কিতভাবে জামায়াত নেতা জাকির হোসেনের ওপর হামলা চালানো হয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে মোল্লাপাড়া ব্রিজ এলাকায় জামায়াতের উল্টাছড়ি ইউনিটের সভাপতি সৈয়দ মজনুর ওপরও হামলার ঘটনা ঘটে।
তবে পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউছুপ আলী হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, বাজারের যানজটকে কেন্দ্র করে প্রথমে জামায়াত নেতা জাকির হোসেন ও বিএনপি নেতা আল আমিনের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় বিএনপির দুই কর্মী উজ্জ্বল ও আশরাফুলও আহত হয়েছেন।
তিনি দাবি করেন, এটি কোনো রাজনৈতিক সংঘর্ষ নয়; সংশ্লিষ্টরা সবাই স্থানীয় ব্যবসায়ী।
আহতদের মধ্যে জাকির হোসেনকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত সৈয়দ মজনুকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।