শনিবার , ০৯ মে ২০২৬
শনিবার , ০৯ মে ২০২৬
হোমসারা দেশদোহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মৃত্যু, দুই সন্তান ও নাতি অক্ষত

দোহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মৃত্যু, দুই সন্তান ও নাতি অক্ষত

favicon
ভোরের আলো ডেস্ক:
দোহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মৃত্যু, দুই সন্তান ও নাতি অক্ষত

দোহার উপজেলায় বসতঘরে আগুন লেগে দগ্ধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। তবে তাদের দুই মেয়ে ও এক নাতি প্রাণে বেঁচে গেছেন।

শনিবার (৯ মে) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার বিলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাধানগর গ্রামে সালাম শিকদারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান দোহার থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক।

নিহতরা হলেন সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম।

নিহতদের দুই মেয়ে জান্নাতুল ও খাদিজা জানান, হঠাৎ রাতের দিকে ঘরে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই পুরো ঘর আগুনে ভরে যায়। দরজা বাইরে থেকে বন্ধ থাকায় তারা সবাই ভেতরে আটকা পড়েন। পরে সালাম শিকদার ও তার স্ত্রী জানালা ভেঙে দুই মেয়ে ও নাতিকে বের করে দেন, কিন্তু নিজেরা বের হতে পারেননি।

আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়।

পরে উদ্ধারকর্মীরা ঘরের ভেতর থেকে দম্পতির মরদেহ উদ্ধার করে।

ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।