মোহাম্মদপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আটক ৩
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালাতে গিয়ে ছিনতাইকারীদের হামলার মুখে পড়েছে পুলিশ। এ সময় আত্মরক্ষার্থে পুলিশের ছোড়া গুলিতে পলাশ নামে এক ব্যক্তি আহত হন। ঘটনাস্থল থেকে তাকে সহ মোট তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রশাসন) মীর আসাদুজ্জামান।
পুলিশ জানায়, ভোরের দিকে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় পলাশ তার সহযোগীদের নিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালাতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলা চালায় তারা। এতে পুলিশের এক সদস্য আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে পলাশের পায়ে গুলি লাগে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ পলাশসহ আরও দুজনকে আটক করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল, চাকু, চাপাতি এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।