নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
মিরপুরে ইতিহাস গড়েছে বাংলাদেশ। নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে প্রথম টেস্টে স্মরণীয় জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
শেষ উইকেট হিসেবে শাহিন শাহ আফ্রিদিকে আউট করে ইনিংসে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করেন নাহিদ রানা। তার আগুনঝরা বোলিংয়েই দ্রুত গুটিয়ে যায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।
এটি বাংলাদেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়। একই সঙ্গে সবমিলিয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টানা তৃতীয় টেস্ট জয়ও এটি। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে প্রথমবার পাকিস্তানকে হারানোর পর সেই সিরিজে দুই ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ।
ম্যাচে পাকিস্তানের সামনে ২৬৮ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ। যদিও পাকিস্তান আগেই জানিয়েছিল, এমন লক্ষ্য পেলে জয়ের জন্যই খেলবে তারা। তবে মাঠে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা।
নাহিদ রানার সঙ্গে তাসকিন আহমেদরাও দারুণ বোলিং করেন। তাদের নিয়ন্ত্রিত ও আক্রমণাত্মক বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতে চলে আসে।