বিসিবি নির্বাচন প্রায় প্রতিদ্বন্দ্বিতাহীন, বিনা ভোটে নির্বাচিত ৮ পরিচালক
আগামী ৭ জুন Bangladesh Cricket Board (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দিন যত এগোচ্ছে, নির্বাচন ততই প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে উঠছে। ইতোমধ্যে তিন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।
এখন শুধু ক্যাটাগরি-১ এর খুলনা ও বরিশাল বিভাগ এবং ঢাকার ক্লাবগুলো নিয়ে গঠিত ক্যাটাগরি-২–এ প্রতিদ্বন্দ্বিতা হবে।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদে মোট ২৫ জন সদস্য থাকেন। এর মধ্যে ২৩ জন নির্বাচিত হন এবং বাকি দুজনকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। পরে এই ২৫ পরিচালকের ভোটে বিসিবির সভাপতি নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে প্রতিদ্বন্দ্বিতা করা ফেনী জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর শরীফুল ইসলাম। এছাড়া ক্যাটাগরি-২ থেকে সরে দাঁড়িয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান এবং ওল্ড ঢাকা ক্রিকেটার্সের মো. মাহমুদ-উর-রহমান।
তাদের সরে দাঁড়ানোর ফলে বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিধি আরও সীমিত হয়ে পড়েছে।