শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমআইন ও আদালতসাভারে অস্ত্র ঠেকিয়ে চলন্ত দুই বাসে স্বর্ণালংকার ছিনতাই

সাভারে অস্ত্র ঠেকিয়ে চলন্ত দুই বাসে স্বর্ণালংকার ছিনতাই

favicon
উপজেলা প্রতিনিধি
সাভারে অস্ত্র ঠেকিয়ে চলন্ত দুই বাসে স্বর্ণালংকার ছিনতাই
রাজধানী ও সাভার পরিবহনের দুটি বাসে যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার ছিনতাই

ঢাকার সাভারে পৃথক দুটি স্থানে যাত্রীবেশে চলন্ত বাসে উঠে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নারী যাত্রীদের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনা দুটি ঘটেছে শুক্রবার (১১ এপ্রিল)। প্রথমটি সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে এবং পরবর্তীটি দুপুর ১২টার দিকে সাভারের ব্যাংকটাউন এলাকায় সাভার পরিবহনের আরেকটি বাসে।

সাভার পরিবহনের এক যাত্রী তায়েফুর রহমান জানান, তিনি স্ত্রী ও পরিবারের সঙ্গে ঢাকায় যাচ্ছিলেন। বাসটি ব্যাংকটাউন এলাকায় পৌঁছালে হঠাৎ ৪-৫ জন যাত্রীবেশে বাসে উঠে। এরপর তারা দেশীয় অস্ত্র দেখিয়ে নারী যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। তায়েফুর বলেন, “আমার স্ত্রীর গলা থেকে প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন লুট করে নেয় তারা। তারা শুধু নারী যাত্রীদের টার্গেট করেছে—মোবাইল বা টাকা কিছু নেয়নি।”

এদিকে সকাল সাড়ে ১১টার দিকে রাজধানী পরিবহনের বাসে ছিনতাইয়ের প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, “রেডিও কলোনি থেকে ক্যাম্পাসে ফেরার সময় সিঅ্যান্ডবির আগে বাসটিতে হঠাৎ তিনজন ছিনতাইকারী ওঠে। তাদের সবার হাতেই চাকু ছিল। একজন ড্রাইভারকে ভয় দেখিয়ে বাস থামাতে বাধ্য করে, আর বাকি দুজন যাত্রীদের আতঙ্কিত করে চেইন ছিনিয়ে নেয়। আমার পাশের নারী যাত্রীর গলা থেকে চেইন ছিনিয়ে নেয় তারা, পেছনের আরেকজন নারীর চেইনও লুট করে পালিয়ে যায়।”

তিনি আরও বলেন, “এখন তো দিনের বেলাতেও বাসে চলাচল নিরাপদ নয়।”

ঘটনার বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং পুলিশের একটি টিমও পাঠানো হয়েছে। তিনি বলেন, “ঘটনার বিস্তারিত খোঁজ নিচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।”