সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
জুলাই আন্দোলনে রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই মামলায় গ্রেপ্তার থাকা চার আসামিকে আগামী ১৭ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক অভিযোগ ও গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোহাম্মদ জহিরুল আমিন। এ সময় প্রসিকিউশন পক্ষ থেকে মামলার অভিযোগের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তিনটি ভিডিও ফুটেজ ট্রাইব্যুনালে প্রদর্শন করা হয়।
প্রসিকিউশনের দাবি, ভিডিও ফুটেজে কয়েকজন আসামিকে অস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে। ফুটেজের মাধ্যমে আসামি জহিরুলসহ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে বলেও আদালতকে জানানো হয়।
ভিডিওগুলোকে অপরাধের প্রাথমিক প্রমাণ হিসেবে উল্লেখ করে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করেন।
খায়রুজ্জামান লিটন ছাড়া পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন—বিপ্লব বিজয় তালুকদার, হুমায়ুন কবির, রকি কুমার ঘোষ, রাশিক দত্ত, বাপ্পী চৌধুরী রনি, মহিদুল ইসলাম মোস্তফা, খালিদ হাসান বিপ্লব, রাশেদুল করিম রোজেল, মেহেদী হাসান ওরফে রনি, জেডু সরকার ওরফে জাবেদুর রহমান, আব্দুল হামিদ সরকার ওরফে টেকন, আনোয়ার হোসেন ওরফে আনার, আরমান আলী, আব্দুল মোমিন, শাহাদত হোসেন শাহু, তৌহিদুল হক সুমন, মাহতাব হোসেন চৌধুরী, আলাউদ্দিন ওরফে আলাল, সরিফুল ইসলাম বাবু, মো. নাবিল হাসান, মাহমুদুল হাসান রাজীব, ফরহাদ হোসেন বিপ্লব, তৌরিদ আল মাসুদ রনি, মেহেদী হাসান রিমেল ওরফে রিগেন, আশরাফুল ইসলাম জাফর, সুকান্ত কুমার দাস, ফয়সাল আহমেদ রুনু, নুর মোহাম্মদ সিয়াম, আসাদুল্লা-হিল-গালিব, গোলাম কিবরিয়া, আলাল পারভেজ লুলু, মনিরুজ্জামান খান ওরফে মনির এবং শফিকুজ্জামান ওরফে শফিক।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শেখেরচক স্বচ্ছ টাওয়ারের বিপরীতে লবঙ্গ রেস্টুরেন্টের সামনে আন্দোলনকারী রায়হান আলীকে গুলি করে হত্যা করা হয়। একই সময়ে শাহ মখদুম কলেজের সামনে আনজুম সাকিব নিহত হন। এ ঘটনায় সালমান ওরফে শিমুলসহ আরও অনেকে আহত হন।
এর আগে গত ৩০ জুলাই ৩৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে চিফ প্রসিকিউটরের কার্যালয়।