দক্ষিণ এশিয়ার ক্রিকেট ইতিহাসে পিএইচডি করার ইচ্ছা মুশফিকুর রহিমের
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ব্যাটার ও উইকেটকিপার Mushfiqur Rahim এবার শিক্ষাগত দিকেও নিজেকে আরও এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করা মুশফিক আন্তর্জাতিক ক্রিকেটে রানসংখ্যার দিক থেকেও বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার। উইকেটকিপার হিসেবে সর্বাধিক ডিসমিসালের রেকর্ডও তার দখলে রয়েছে।
খেলার পাশাপাশি পড়াশোনায়ও বরাবরই মেধাবী হিসেবে পরিচিত মুশফিক এবার পিএইচডি করার আগ্রহের কথা জানিয়েছেন। তিনি জানান, তার গবেষণার বিষয় হবে দক্ষিণ এশিয়ার ক্রিকেট ইতিহাস।
ক্রিকেটভিত্তিক প্ল্যাটফর্ম বিডিক্রিকটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুশফিক বলেন, “দক্ষিণ এশিয়ার ক্রিকেটের ইতিহাস নিয়ে আমার পিএইচডি করার ইচ্ছা আছে। এখনো কাজ শুরু করিনি, তবে আশা করি একদিন এটি সম্পন্ন করতে পারব।”
শৈশবে বগুড়া জিলা স্কুলের মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন মুশফিক। পরে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে ভর্তি হন এবং সেখান থেকেই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।