বুধবার , ১৭ জুন ২০২৬
বুধবার , ১৭ জুন ২০২৬
হোমখেলাআর্জেন্টিনাকে হারানো কোচ হার্ভে রেনার্ড এখন তিউনিশিয়ার দায়িত্বে

আর্জেন্টিনাকে হারানো কোচ হার্ভে রেনার্ড এখন তিউনিশিয়ার দায়িত্বে

favicon
ভোরের আলো ডেস্ক:
আর্জেন্টিনাকে হারানো কোচ হার্ভে রেনার্ড এখন তিউনিশিয়ার দায়িত্বে

বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে হারের পর কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে তিউনিশিয়া। প্রধান কোচ সাবরি লামুশিকে বরখাস্ত করে অভিজ্ঞ ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।


মঙ্গলবার তিউনিশিয়ার জাতীয় টেলিভিশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রেনার্ডের নাম ঘোষণা করা হয়।


বর্তমানে তিউনিশিয়া দল মেক্সিকোতে অবস্থান করছে। ৫৭ বছর বয়সী এই ফরাসি কোচ আজই দলের সঙ্গে যোগ দিয়ে প্রথম অনুশীলন সেশন পরিচালনা করার কথা রয়েছে।


তবে কোচিং স্টাফে বড় কোনো পরিবর্তন আসছে না। সাবেক কোচ লামুশির সহকারী এবং তিউনিশিয়ার সাবেক মিডফিল্ডার ওয়াহবি খাজরি সহকারী কোচ হিসেবেই দায়িত্ব পালন করবেন।


হার্ভে রেনার্ডের কোচিং ক্যারিয়ারে এটি হবে তৃতীয় বিশ্বকাপ মিশন। ২০১৮ সালে তিনি মরক্কো জাতীয় দলের দায়িত্বে ছিলেন। পরে ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কোচ হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন।


বিশ্বকাপে এবার সপ্তমবার অংশ নেওয়া তিউনিশিয়া এখনো কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি। সুইডেনের বিপক্ষে বড় হারে চাপে পড়ে যাওয়া দলটি আগামী ২১ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে।


রেনার্ডের অভিজ্ঞতা ও কৌশলগত দক্ষতা তিউনিশিয়াকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে বলে আশা করছেন দেশটির ফুটবল সমর্থকরা।